এইমাত্র পাওয়া

গোপনে মাদ্রাসার গাছ বিক্রি করলেন সুপার

 নিউজ ডেস্ক।।

নওয়াপাড়া উপজেলায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। ছুটির দিনে মাদ্রাসা মাঠে দুটি মেহগনি গাছ কাটতে এলে বিষয়টি এলাকাবাসী জানতে পারে। গতকাল শুক্রবার সকালে হিজবুল্লাহ দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুইকরা এলাকার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার দুটি মেহগনি গাছ মাদ্রাসা সুপার মাওলানা হাবিবুর রহমান গত মঙ্গলবার বিক্রি করে দেন। শুক্রবার সকালে ব্যবসায়ী শ্রমিকদের নিয়ে গাছ কাটার সময় এলাকাবাসী বাধা দেয়। এর আগেই একটি গাছ কাটা হয়ে যায়; অন্যটির ডালপালা কাটা হয়। বাধা উপেক্ষা করে শ্রমিকরা গাছ কাটতে থাকলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাছ কাটা বন্ধে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান ও আব্দুল খালেক বলেন, সুপার আগেও গোপনে মাদ্রাসার ইট ও বেঞ্চ বিক্রি করে দিয়েছিলেন। তাই ছুটির দিনে গাছ কাটতে দেখে সন্দেহ হয়। এ সময় তাদের বাধা দেওয়া হয়।
গাছ ব্যবসায়ী শুকুর আলী বলেন, সুপারের কাছ থেকে গাছ দুটি কিনেছি। এত সমস্যা আছে জানলে কিনতাম না।

এ বিষয়ে কথা বলতে সুপার মাওলানা হাবিবুর রহমানের মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, মাদ্রাসার প্রয়োজনে গাছ দুটি বিক্রি করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে কয়েকবার ফোন করার পরও রিসিভ করেননি মাদ্রাসার সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে আমি গাছ কাটতে নিষেধ করেছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.