নিজস্ব প্রতিবেদক।।
স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে গাড়িচালকসহ অপহরণের শিকার হয় রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ছাত্র শিশু জামিনুর রহমান। পরে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে তাদের ফিরিয়ে আনেন বাবা আনিসুর রহমান। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য বের হলেও গত বুধবার (২০ মার্চ ) আর স্কুলে যাওয়া হয়নি জামিনুরের। গাড়িচালক কামরুলসহ অস্ত্রের মুখে জিম্মি করা হয় শিশুটিকে।
অপহরণকারীদের ফোনে ঘুম ভাঙ্গে জামিনুরের বাবার। দাবি করা হয় কোটি টাকা মুক্তিপণ। সন্তান হারানোর ভয়ে অপহরণকারীদের দাবি মেনে নেন তিনি। অনেক দর কষাকষির পর ১৪ লাখ টাকা দিয়ে ছেলেকে ফিরিয়ে আনেন ব্যবসায়ী আনিসুর রহমান।
তিনি বলেন, ‘আমাকে ফোনে বলা হয়, টাকা দিলে এক ঘণ্টার মধ্যে ছেলেকে বাসায় পৌঁছে দেয়া হবে। কোটি টাকা দাবি করা হয়। কিন্তু আমি বলেছি, সর্বোচ্চ ১৫ থেকে ১৬ লাখ টাকা ব্যবস্থা করতে পারবো। এর বেশি হলে সম্ভব না। এখন আপনারা যা খুশি করতে পারেন, আমার আর কিছু করার নেই। পরে অবশ্য দর কষাকষি করে ১৪ লাখ টাকা দিয়ে ছেলেকে ফিরিয়ে আনি।’
এ ঘটনায় গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। শনিবার (২৩ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
হারুন অর রশিদ বলেন, ‘দুজনকে জিম্মি করে নেয়া হলো। অথচ চালক কোনো শব্দ না করে অপহরণকারীদের সঙ্গে চলে গেলেন। এটি তো সন্দেহের বিষয়। তাই আমরা চালককে জিজ্ঞাসাবাদ করছি। আমার বিশ্বাস চালক এর দায় এড়াতে পারবেন না।’
সেই সঙ্গে জড়িত পুরো চক্রকে দ্রুত আইনের আওতার আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
যতদ্রুত সম্ভব এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন ডিএমপির ডিবিপ্রধান। তিনি বলেন, ‘যদিও শিশুটির বাবা মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করেছেন। কিন্তু আমরা এটাকে ছাড় দিচ্ছি না। চালকের সঙ্গে আমরা কথা বলছি। যেভাবেই হোক, এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো।’
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৪/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
