লক্ষ্মীপুরঃ জেলার রায়পুরে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে (১৬) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার চরবংশী গ্রামের সিকদার কান্দিতে ঘটনাটি ঘটে। আহত ওই ছাত্রীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, হামলার ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রায়পুর থানায় এজাহার দাখিল করেছেন। এতে প্রতিবেশী জাকির সিকদারকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী জাকির সিকদাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রবাসী মাসুদ সিকদারের পরিবারের বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পানি নিষ্কাশনের জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে ভুক্তভোগীর মা হালিমা বেগমের কথা কাটাকাটি হয়। বিকেলে ভুক্তভোগী ছাত্রী এবং তার ছোট বোন ঘরে ছিল। সেসময় জাকির হোসেনসহ আরও ৪/৫ জন ঘরে ঢুকে ওই ছাত্রীকে মারধর করেন। একপর্যায়ে ওই ছাত্রীকে কুপিয়ে জখম করেন তারা। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় ও স্বজনরা এগিয়ে আসলে তারা (হামলাকারীরা) পালিয়ে যান। যাওয়ার সময় ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ও আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে যান হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ভুক্তভোগীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার (ইএমও) ডা. একে আজাদ বলেন, ওই ছাত্রীর মাথা গুরুতর জখম হয়েছে। তার মাথায় সিলাই করা হয়েছে। এছাড়া গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঁচড়সহ আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়পুর থানার ওসি (তদন্ত) শামসুল আরেফিন বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
