ঢাকাঃ আগামী তিন দিন টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। কমতে পারে রাতের তাপমাত্রা।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে।
পরের ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক
জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শেষের ২৪ ঘণ্টায়ও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষের দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি বলা হয়েছে, এ সময়ে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এ সময়ে ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে (৩৬ ডিগ্রি সেলসিয়াস)। সর্বনিম্ন ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সৈয়দপুর এবং তেঁতুলিয়ায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
