এইমাত্র পাওয়া

কুষ্টিয়ায় সাবেক অধ্যক্ষ ও প্রভাষকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ নওয়াব আলী ও প্রভাষক আশরাফ উদ্দিন শেখ ওরফে রনিকে মামলায় আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির সহকারী পরিচালক সাইদুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ইসলামিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগে ২০১০ সালের ২২ মে প্রভাষক পদে যোগদান করেন আশরাফ উদ্দিন শেখ। এমপিওভুক্ত হওয়ার পরও পেশাগত তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে হিসাব সহকারী পদে যোগদান করেন তিনি।

এরপর সেখান থেকে ২০১৬ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ ২৩ লাখ ৭ হাজার ৩২ টাকা উত্তোলন করেন। এই অভিযোগে দণ্ডবিধির ৪২০/৪০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।

অর্থাৎ আশরাফ উদ্দিন একটি প্রতিষ্ঠানের (কুষ্টিয়া ইসলামিয়া কলেজ) স্থায়ী পদে কর্মরত থেকেও তথ্য গোপন করে আরেকটি প্রতিষ্ঠানে (তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) স্থায়ী পদে চাকরি করে বেতন নিয়েছেন।

কলেজের হাজিরা খাতায় আশরাফকে অবৈধভাবে দীর্ঘদিনের স্বাক্ষর একদিনে দেওয়ার সুযোগ করে দেওয়ায় কলেজের সাবেক অধ্যক্ষ নওয়াব আলীকে মামলার আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশরাফ উদ্দিন বলেন, আমি তিতাস গ্যাসে চাকরির জন্য কখনো আবেদন করিনি। আমি ন্যাশনাল টিমের ভলিবল প্লেয়ার ছিলাম। তিতাসের একটা ভলিবল টিম ছিল। আমি ঐ টিমের ক্যাপ্টেন ছিলাম। আমি একটাই চাকরি করি এবং সেটা ইসলামিয়া কলেজেই।

মামলার আরেক আসামি কলেজের সাবেক অধ্যক্ষ নওয়াব আলী বলেন, বিষয়টি আমি দেখে ও জেনে বিস্তারিত জানাব।

ইসলামিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি শামসুর রহমান বাবু জানান, বিষয়টি তিনি শুনেছেন।

মামলাটি আদালতে নথিভুক্ত হওয়ায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না বলে জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১৭/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.