ঢাকাঃ ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুস্তফা। তিনি দীর্ঘদিন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ মোস্তফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহের স্থলাভিষিক্ত হলেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) মার্কিন চাপের মুখে গাজায় যুদ্ধপরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুনর্গঠনে এ ঘোষণা দেন আব্বাস। খবর- বিবিসির।
অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে স্বতন্ত্র মোহাম্মদ মুস্তফার ওপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। ইসরায়েল–অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে তার সীমিত ক্ষমতা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিয়োগের কথা জানিয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এতে মোহাম্মদ মোস্তফাকে অধিকৃত পশ্চিম তীর ও গাজা প্রশাসনকে পুনরায় একত্রিত করা, সরকার, নিরাপত্তা পরিষেবা ও অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা করার আহ্বান জানান তিনি।
৬৯ বছর বয়সী মোস্তফা এর আগে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পদসহ ফিলিস্তিনের উপ–প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
২০১৫ সালে আব্বাস মোস্তফাকে ফিলিস্তিন ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।
এ সংস্থাটির অধীনে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলজুড়ে প্রায় ১০০ কোটি ডলারের সম্পদ ও তহবিল প্রকল্প রয়েছে।
২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোস্তফা অঞ্চলটির অর্থনৈতিক বিষয়গুলোর জন্য দায়ী উপ–প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ওই সময় সাত সপ্তাহের যুদ্ধ শেষে গাজা পুনর্নির্মাণের দায়িত্বপ্রাপ্ত একটি কমিটির নেতৃত্ব দেন তিনি। ওই যুদ্ধে ২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
