এইমাত্র পাওয়া

নারী কর্মীদের জন্য ১০ দিনের বাড়তি ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক।।

কর্মজীবী নারীদের জন্য ১০ দিন বাড়তি ছুটির ঘোষণা করা হয়েছে। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় কর্মজীবী নারীদের। অতিরিক্ত এই চাপের কথা চিন্তা করেই নারী কর্মীদের জন্য বাড়তি এই ছুটির ঘোষণা দিয়েছে ভারতের ওড়িশা রাজ্য সরকার।

মঙ্গলবার (১২ মার্চ) রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন ওড়িশা সরকারের বিভিন্ন অফিসে কর্মরত নারী কর্মচারীরা বছরে ১৫টি ক্যাজুয়াল লিভ (সিএল) পেতেন। এখন থেকে তাদের ক্যাজুয়াল লিভের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৫টি।

নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, ‘নারী সরকারি কর্মচারীদের বাড়িতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাদের ওপর বাড়তি চাপ থাকে। সেই বিবেচনায় বছরে ১০ দিন ছুটি বাড়ানো হয়েছে।’

তবে অনেকে বলছেন, আসন্ন লোকসভা আর বিধানসভা নির্বাচনে নারী ভোটারদের মন জয় করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। এরইমধ্যে সরকারি চাকরিতে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত আসন রাখা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১৪/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.