ঢাকাঃ ‘জলবায়ু পরিবর্তন কেবল একটি দেশের নিজস্ব সমস্যা নয় বরং এটি একটি আন্তর্জাতিক সমস্যা। জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের প্রতিটি দেশকে ভুগতে হবে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) খাদ্য নিরাপত্তা, অর্থনীতি এবং জনসাধারণের জীবিকার উপর জলবায়ুর প্রভাব বিষয়ক সেমিনারে এমন কথাই তুলে ধরেন ইউনিভার্সিটি অফ সালফোর্ডের অধ্যাপক বিঙ্গুনাথ ইনগিরিগে।
শনিবার (৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে উক্ত সেমিনারটি মৃত্তিকা বিজ্ঞান বিভাগ আয়োজন করে। সেমিনারটিতে অর্থায়ন করে ইউনিভার্সিটি অফ সালফোর্ড।
বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন ও ইউনিভার্সিটি অফ সালফোর্ডের অধ্যাপক বিঙ্গুনাথ ইনগিরিগে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা।
অধ্যাপক বিঙ্গুনাথ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষির উৎপাদন যেমন কমেছে দারিদ্র্যের হারও বেড়েছে। জলবায়ুর পরিবর্তনে বিভিন্ন দেশে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের ঘটনা ঘটে। তাপপ্রবাহ বা হিটওয়েভকে তারই একটি কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কৃষিতে জলবায়ু পরিবর্তনের কারণে জীবিকার ওপর প্রভাব সম্পর্কে অধ্যাপক বিঙ্গুনাথ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুর দ্রুত পরিবর্তন ঘটছে। যার কারণে উচ্চ ফলনশীল কিছু কিছু ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের কৃষকদের জীবিকা ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে।
সেমিনারের মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা। এই পর্বে কৃষিতে নদী ও পলিমাটির ভূমিকা, উচ্চ ফলনশীল ও রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদন, কম পানি ব্যবহার করে চাষাবাদ ও ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো, স্বল্প সময়ে অধিক ফলন পাওয়া যায় এমন ফসল উৎপাদনে জোর দেওয়া, কৃষি উৎপাদনে জ্বালানির প্রভাব কমিয়ে সৌরশক্তির ব্যবহার, কৃষকদের একই ফসল বারবার চাষ করার মানসিকতা দূর করা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তনে কৃষকদের জীবিকার পরিবর্তন ও শহরমুখী হওয়ার কারণ, বাণিজ্যিক মাছ চাষ এবং কৃষি উন্নয়নে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিওর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
