এইমাত্র পাওয়া

নেই কম্পিউটার ল্যাব, তবুও অপারেটর নিয়োগ দিলেন সভাপতি-প্রধান শিক্ষক

ঝিনাইদহঃ বিদ্যালয়ে নেই কম্পিউটার ল্যাব। তবুও টাকার বিনিময়ে ‍ল্যাব অপারেটর নিয়োগের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে। এ নিয়োগের পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব চালু আছে শুধু সেসব প্রতিষ্ঠানে অপারেটর নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এ বিদ্যালয়ে সরকারি কোনো ল্যাব না থাকা সত্ত্বেও কে এম রুবেল নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে কালিচরণপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের হারুন-অর-রশিদ নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন।

নিয়োগের ব্যাপারে প্রধান শিক্ষক আলিবর্দি বিশ্বাস বলেন, শেখ রাসেল ল্যাবের বিপরীতে ল্যাব অ্যাসিসট্যান্ট নিয়োগ দেওয়ার নিয়ম আছে। কিন্তু শেখ রাসেল ল্যাব না থাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মালেক বলেন, নিয়োগের ব্যাপারে একটা লিখিত অভিযোগ পেয়েছি। ওই বিদ্যালয়ে ল্যাব আছে কি না আমার জানা নেই। যেহেতু অভিযোগ এসেছে সেহেতু তদন্তে যাবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.