নিউজ ডেস্ক।।
ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) খোন্দকার জসিম আহমেদের দুর্নীতি, অনিয়ম ও বরিশালে দশতলা ভবন নির্মাণের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক (উপবৃত্তি) মো. কবির উদ্দিনকে তদন্ত কমিটির প্রধান করে এ মর্মে সেদিন অভিযোগকারী ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য ইতোমধ্যেই চিঠি দেয়া হয়েছে।
চিঠির সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় খোন্দকার জসিম আহমেদের নানা অনিয়ম এবং বরিশাল শহরে করিম কুটির এলাকায় দশতলা আলিশান ভবন নির্মাণের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। সাংবাদিক বায়েজিদ আহমেদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ রয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে খোন্দকার জসিম আহমেদ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে ঝালকাঠিতে যোগদানের পর থেকে শিক্ষকদের কাছ থেকে নানা অজুহাতে টাকা আদায় করছেন। অনলাইনে শিক্ষক বদলীতে অনিয়ম, ক্ষুদ্র মেরামতের বরাদ্দে স্কুল প্রতি টাকা আদায়, শিক্ষকদের পাসপোর্ট করার অনুমতিতে টাকা গ্রহণসহ নানা অভিযোগে ১৫ জন প্রাথমিক শিক্ষক জসিম আহমেদের বিরুদ্ধে ২০২২ সালের ডিসেম্বর মাসে মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের তদন্তও হয়। কিন্তু তদন্ত রিপোর্ট গত এক বছরেও প্রকাশ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঝালকাঠির একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, খোন্দকার জসিম আহমেদ ঝালকাঠিতে যোগদান করেছেন প্রায় তিন বছর। তার ২০২৬ সালে অবসরে যাওয়ার কথা। তিনি সবসময় দম্ভোক্তি করে বলেন, যত অনিয়মই করি, আমাকে ২০২৬ সালের আগে কেউ ঝালকাঠি থেকে সরাতে পারবে না। উপর থেকে এ চুক্তি করেই এসেছি।
অভিযোগকারী সাংবাদিক বায়েজিদ আহম্মেদ বলেন, নানা ধরনের চাপ উপেক্ষা করে আমি সাক্ষ্য দিতে যাব। সত্য ঘটনা তথ্যপ্রমাণসহ তদন্ত কর্মকর্তার কাছে তুলে ধরবো।
অভিযুক্ত জসিম আহমেদ এ প্রসঙ্গে বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন। আমি বৈধভাবেই বাড়ি করছি। কাগজপত্রও আছে। আমি সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে তুলে ধরবো।
শিবা/জামান/২৬.০২.২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
