যেকারণে এসএসসি পরীক্ষা দেওয়া হলো না মেধাবী রাফির

নিজস্ব প্রতিবেদক।।

সময়সূচি ভুলে পরীক্ষা দেওয়া হলো না মেধাবী রাফির
হবিগঞ্জে সময়সূচি ভুলে গিয়ে ইয়াসিন আহমেদ রাফি নামে এক মেধাবী শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় বসতে পারেনি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এবারের এসএসসি পরীক্ষা শুরুর দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে।

রাফি শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমির বিজ্ঞান বিভাগের ছাত্র। তার সিট পড়েছে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মো. নূরুল হক বলেন, দুপুরে কেন্দ্র থেকে খবর আসে, রাফি অনুপস্থিত। পরে খোঁজ নিয়ে জেনেছি, সে সময়সূচি ভুলে গিয়েছিল। সে ভেবেছিলো পরীক্ষা বিকেলে।

শিক্ষকরা আগে থেকেই নিয়মাবলী জানিয়ে রুটিন সরবরাহ করেছেন জানিয়ে তিনি বলেন, সম্ভবত অমনোযোগী থাকার কারণে রাফির ক্ষেত্রে এমনটি হয়েছে।

কেন্দ্র সচিব আবিদুর রহমান জানান, এদিন ছিলো বাংলা প্রথমপত্র পরীক্ষা। ৮ নম্বর কক্ষের পরীক্ষার্থী ইয়াসিন আহমেদ রাফি দুপুর ১২টা ৮ মিনিটে অর্থাৎ পরীক্ষা শুরুর পর ২ ঘণ্টা ৮ মিনিট পর কেন্দ্রে আসে। তখন কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই।

রাফির পরিবারের বরাত দিয়ে প্রধান শিক্ষক মো. নুরুল হক জানান, তার অনুপস্থিতির কথা জানতে পেরে রাফির বাবার মোবাইল ফোন নম্বরে কল দিলেও সাড়া মেলেনি। ফলে তাকে কেন্দ্রে পাঠাতে অনেক সময় পেরিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা বলেন, ছেলেটি দেরিতে কেন্দ্রে যাওয়ায় পরীক্ষা দিতে পারেনি।

তার পক্ষ থেকে কারও গাফিলতির অভিযোগ পেলে তদন্ত করবো। রাফির সহপাঠী ও এক শিক্ষক জানান, সে মেধাবী ছাত্র। অসচেনতার কারণে তাকে একটি বছর পিছিয়ে যেতে হলো।

শিবা/জামান, ১৬.০২.২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.