নিজস্ব প্রতিবেদক।।
পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় এসএসসি পরীক্ষায় বসা হয়নি সিন আক্তার নামে এক শিক্ষার্থীর।
দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিলো সিন আক্তােরর । কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় বৃহস্পতিবার পরীক্ষায় অংশ নিতে পারেনি সিন। প্রবেশপত্র না পাওয়ায় এ দিন শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের পার্শ্ববর্তী গালাণ্ডী বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে সিন আক্তারের বাবা আবু বক্কর সিদ্দীক অভিযোগ করে বলেন, বুধবার বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হলেও আমার মেয়েকে দেওয়া হয়নি। প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায় আমাকে আশ্বাস দিয়েছিলেন সন্ধ্যার মধ্যে বোর্ড থেকে আমার মেয়ের প্রবেশপত্র এনে দিবেন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও প্রধান শিক্ষক আর আমার সাথে যোগাযোগ করেননি। পরে জানতে পারি আমার মেয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অথচ তিনি রেজিস্ট্রেশন এবং ফরম ফিলাপের সময় টাকা নিয়েছেন। যার রশিদ আমাদের কাছে আছে।
মানববন্ধনে অভিভাবকরা অভিযোগ করেন, প্রবেশপত্রে অনেক শিক্ষার্থী ও তাদের পিতা-মাতা নামের বানান ভুল হয়েছে। পদে পদে গাফিলতি করেছেন প্রধান শিক্ষক।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায়ের বক্তব্য জানতে বিদ্যালয়ে গেলেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সলিমুল্লাহ বলেন, মেয়েটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়নি, এডমিট কার্ড ইস্যু হয়নি বলে জানতে পেরেছি। আমি ভুক্তভোগী শিক্ষার্থী বা তার অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম বলেন, আমি শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত শুরু করবো। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
শিবা/জামান-১৬.০২.২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
