জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে অতিরিক্ত সচিব স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেলেন ডা. ফাতেমা জাহান বারী।
জানা গেছে, শনিবার রাতে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে ৯৯৯-এ ফোন করে আকুতি জানান ডা. ফাতেমা। পরে হটলাইন থেকে নিকটস্থ রমনা থানাকে জানানো হয়।
এরপর রাত সাড়ে ৭টার দিকে পুলিশের একটি টিম ১৮, বেইলি রোডের সুপিরিয়র সরকারি কোয়ার্টারে অভিযান চালায়।
পরে আহত অবস্থায় ডা. ফাতেমাকে উদ্ধার করে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।
এরপর ফাতেমা (৩৯) তার স্বামী অতিরিক্ত সচিব ডা. জাকির হোসেনের বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর সরকারি কোয়ার্টার থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। জাকির হোসেন বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।
জানা গেছে, অতিরিক্ত সচিবের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তার স্ত্রীর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। এই দম্পতির কোনো সন্তান নেই।
ফাতেমা পুলিশকে জানিয়েছেন, আগেও জাকির হোসেন তাকে মারধর করেন। এতে তার শরীরে ৯টি সেলাই দিতে হয়। তখন লোকলজ্জার কারণে তিনি বিষয়টি পুলিশকে জানাননি। শনিবার ফের তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। উপায়ন্তর না দেখে তিনি ‘৯৯৯’-এ ফোন করতে বাধ্য হয়েছেন।
রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী ডা. ফাতেমা জাহান মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তার স্বামী তাকে নির্যাতন করতেন।
অভিযোগ পাওয়ার পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার (আজ) তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
মনিরুল ইসলাম আরও জানান, ৯৯৯-এ ফোন করে ডা. ফাতেমা জানিয়েছেন তাকে বাসার ভেতরে মারধর করা হচ্ছে। এরপর পুলিশ তাকে উদ্ধার করে। তার মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
