
খেলার মাঠে জার্সি নম্বর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সম্ভবত ফুটবলে। তবে ক্রিকেটেও অনেকে আছেন, যাদের নামের সঙ্গে জার্সি নম্বরের সম্পর্কটা অনেক গভীর। এই তালিকায় উপরের দিকে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটে ৭ নম্বর জার্সি দেখলে আপনার মনের কোণে নিশ্চয়ই এই উইকেটকিপারের ছবি ভেসে ওঠে!
ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ধোনি। যতদিন ভারতের হয়ে মাঠে নামতেন তার গায়ে শোভা পেতো ৭ নম্বর জার্সিটাই। ধোনির পিঠের সঙ্গে ৭ নম্বরের এই বন্ধুত্বটা উপভোগ করেন ক্রিকেট প্রেমীরাও। ভারতের অনেকেই দাবি করেছেন, ধোনির এই ৭ নম্বর জার্সিটা যেন তোলে রাখা হয়।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী আসরেও মাঠে দেখা যাবে তাকে। এখানেও ৭ নম্বর জার্সিই পড়েন ধোনি। ৭ নম্বরের সঙ্গে ধোনির এমন বন্ধুত্বের একটা বিশেষ কারণও আছে।

ধোনি পৃথিবীতে এসেছেন ৭ তারিখ। সেটাও আবার বছরের ৭ম মাসে অর্থাৎ জুলাই মাসে। এখানেই শেষ না! তার জন্ম সাল হচ্ছে ১৯৮১। ৮১ তে দুটি সংখ্যা আছে ৮ ও ১। ৮ থেকে ১ বিয়োগ করলেও ৭ হয়। তাছাড়া ৭ নম্বরকে ভাগ্যবান নম্বর হিসেবেও ধরা হয়। এসব কারণেই ক্যারিয়ার জুড়ে ৭ নম্বর জার্সি পরে খেলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
নিজের ৭ নম্বর জার্সি প্রসঙ্গে ধোনি বলেন, ‘ওই তারিখেই আমি পৃথিবীতে এসেছিলাম। আমি জন্মেছি জুলাই মাসের ৭ তারিখে। জুলাই মাসটাও সপ্তম মাস। আমার জন্মের বছরের শেষ দু’টি সংখ্যা ৮১। ৮ থেকে ১ বাদ দিলে ৭ হয়। তাই যখন আমাকে প্রথম জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কোন সংখ্যার জার্সি নিতে চাও, তখন আমার উত্তর খুবই সহজ ছিল।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল