নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার মান উন্নয়নে আরও বেশি সহযোগিতা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
রবিবার (১১ ফেব্রুয়ারি) এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক (ডিজি) তাকিও কনিশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এডিবির পক্ষ থেকে বলা হয়, কারিগরি ও সাধারণ ধারার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের পাশে থাকবে।
এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বর্তমান সরকার গতানুগতিক শিক্ষাক্রমের পরিবর্তে দক্ষতানির্ভর ও শিক্ষার্থীদের অংশগ্রহণভিত্তিক শিক্ষাক্রম চালু করেছে। নতুন শিক্ষাক্রম দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা মোকাবিলা করে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এশীয় অঞ্চলের দেশগুলোর শিখন অভিজ্ঞতা বিনিময় করতে এডিবি ভূমিকা রাখতে পারে।
এডিবির প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ইডিমন গিন্টিং। তিনি বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় মানবপুঁজিকে মানবসম্পদে রূপান্তর করতে নতুন শিক্ষাক্রম সহায়ক হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
