সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিডিং রুমে চেয়ারে বসা ও এসি চালু করা নিয়ে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এরই জেরে মধ্যরাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের রিয়াদ মিয়া ও একই বর্ষের বাংলা বিভাগের জয় পাল। তারা দু’জনেই ছাত্রলীগ কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে সৈয়দ মুজতবা আলী হলের নিচতলায় রিডিং রুমে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াদের সঙ্গে চেয়ারে বসা ও এসি অন-অব করা নিয়ে একই বর্ষের বাংলা বিভাগের জয় পালের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে রিয়াদের সমর্থকরা জিআই পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে জয় পালকে খুঁজতে থাকে। মহড়া দেওয়ার সময় তাদের জয় বাংলা স্লোগান দিতে ও দেখা যায়। এতে হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
এ বিষয়ে জানতে জয় পাল ও রিয়াদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
সৈয়দ মুজতবা আলীর হলের প্রভোস্ট আবু সাঈদ আরফিন খাঁন বলেন, এই ঘটনায় দুই শিক্ষার্থীই নিজেরদের নির্দোষ বলে দাবি করছে। এরই পরিপ্রেক্ষিতে তাদের কাছে লিখিত বক্তব্য চেয়েছি। আগামীকাল প্রভোস্ট মিটিং বসে এদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
