অবরুদ্ধ ছিলেন এমসি কলেজে অধ্যক্ষসহ শিক্ষকরা

নিউজ ডেস্ক।।

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছিলেন কলেজের শিক্ষার্থীরা। তার আগে বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ভবনে তালা দিলে অবরুদ্ধ হন অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক।

এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘শিক্ষার্থীরা যেসব বিষয়ে আন্দোলন করছেন তার সমাধান দীর্ঘস্থায়ী। ছাত্রাবাসে পানি সংকট সমাধানের জন্য একটা লাইন অলরেডি দিয়েছি। আর শিক্ষক সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যেই আলাপ করেছি।’

তিনি বলেন, ‘তাদের সঙ্গে বৈঠক করেছি। সব সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাদেরকে বলেছি। এতকিছুর পরও তারা তালা মেরে রেখেছে। আমার আর কি করার আছে! কিছুদিন সময় দিতে হবে।’

আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সংকট রয়েছে। এই বিভাগে মাত্র চারজন শিক্ষক ছিলেন। গত কয়েক মাস থেকে একজন শিক্ষকও নেই এ বিভাগে। ছাত্রাবাসের বঙ্গবন্ধু হলের পানি সমস্যা দীর্ঘদিনের। এছাড়া ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন সাধারণ শিক্ষার্থীরা। বৈঠকে কোনো সমাধান না আসায় অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেয় আন্দোলনকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেও সেখানে অবস্থান করছিলেন সিলেটে মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.