কলেজে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়?

ঢাকাঃ ‘একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ’—এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে ভাইরাল হওয়া এই ফেসবুক তথ্যটি সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি।

‘বাংলাদেশ শিক্ষা সংবাদ’ নামের ১ লাখ ১৬ হাজার ফলোয়ারের পেজ থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এই পোস্ট দেয় হয়। এরপরই এটি বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শেয়ার দেয়া হয়। ফলে খুব অল্প সময়ের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে।

এরমধ্যে কোনো কোনো পেজে আবার তথ্যসূত্র হিসেবে শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবহার করতে দেখা গেছে। যদিও, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খুঁজে দেখা যায়, ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত কিছুই নেই। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকেও শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

যদিও ঢাকাসহ সারাদেশের অনেক কলেজেই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে বেশ কড়াকড়ি আরোপ করা আছে। কিন্তু সেটি প্রতিষ্ঠানভিত্তিক হলেও মন্ত্রণালয় বা বোর্ড থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি।

এছাড়া, ২০২৩ সালের ২২ নভেম্বর বরগুনা সরকারি কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে সেটি নিয়ে একটি অনলাইন সংবাদ মাধ্যম ‘একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ’- শিরোনামে সংবাদ প্রচার করে। ধারণা করা হচ্ছে, আড়াই মাস আগের সেই খবরের সূত্র ধরেই নতুন করে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য ছড়ানো হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.