দ্বিতীয়বার গিনেস বুকে নাম লেখালেন বরিশালের নিপা

বরিশালঃ চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস বুকে দ্বিতীয়বারের মতো নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। ২১ ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড বুকের দেওয়া দ্বিতীয় সনদটি পেয়েছেন তিনি। চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি ভাত খেয়ে রেকর্ড গড়েন তিনি।

এর আগে ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেন বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা।

নিপা জানান, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে এবং এবার চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি ভাত খেয়ে ইতালির রেকর্ড আট বছর পর ভেঙেছেন তিনি। আগেরবারও ইতালিকে পেছনে ফেলেছিলেন তিনি।

নিপা বলেন, ‘চপস্টিক দিয়ে এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। আর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ড থেকে চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা বেশ কঠিন ছিল। অনেক প্র্যাকটিস করতে হয়েছে। তবে এবারে যাচাই-বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে।’ ২০২৩ সালের মার্চের দিকে করলেও সার্টিফিকেট পেয়েছেন ডিসেম্বরে।

বর্তমানে বেসরকারি কোম্পানিতে কর্মরত নুসরাত জাহান বলেন, ‘প্রথম রেকর্ড করার পর মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে মন্তব্য করত। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করব। বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব।’

নিপা আরও বলেন, ‘ইচ্ছা থাকলে সব হয়। যেমন আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমার শহরকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। দুবার বিশ্বে রেকর্ড গড়েছি। বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি। অনেক ধরনের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেওয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে।’

নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.