এইমাত্র পাওয়া

অছাত্রদের বের করতে জাবির হলে অভিযান

ঢাকাঃ বৈধ শিক্ষার্থীদের সিট বুঝিয়ে দিতে আবাসিক হলগুলোতে অভিযান চালিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্ব স্ব হল প্রভোস্টের নেতৃত্বে সবকটি আবাসিক হলে এই অভিযান চালানো হয়। সূত্র: কালবেলা, সময় নিউজ, চ্যানেল২৪

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশকিছু অবৈধ শিক্ষার্থীকে হল থেকে বের করে বৈধদের সিট বুঝিয়ে দেয়। পাশাপাশি হলের যেসব রুম তালাবদ্ধ ছিল, তা ভেঙে নতুন তালা দেওয়া হয়েছে। এর আগে, সিন্ডিকেট সভায় অছাত্রদের হল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে এ বিষয়ক নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে টাঙিয়ে দেওয়া হয়। এ ছাড়া হলের কক্ষগুলোতেও বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অবৈধভাবে হলে অবস্থারত শিক্ষার্থী ও পোষ্য কোটায় ভর্তি শিক্ষার্থীদের পাঁচ কর্ম দিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে যারা অবৈধভাবে হলে অবস্থান করছেন, তারা এবং সব পোষ্যকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত তারিখের মধ্যে হল ত্যাগ না করলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ধর্ষণের ঘটনার পর এই পদক্ষেপ নিল কর্তৃপক্ষ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.