এইমাত্র পাওয়া

সংশোধিত পাঠ্যবই শিক্ষার্থীরা হাতে পাবেন এপ্রিলের ২য় সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন পাঠ্যবইয়ে কিছু সংশোধন শেষে  তা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এদিকে নতুন করে লেখা হবে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত-সমালোচিত ‘শরীফার গল্প’।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।‌

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেছেন, শরীফার গল্পটি থাকছে। তবে পুনরায় (রিরাইট) লেখা হচ্ছে। বিজ্ঞানসহ বেশ কয়েকটি বইয়ের সংশোধন এপ্রিলে শেষ হবে। এ ছাড়া ভুলভাবে ছাপার কারণে ইংরেজি মাধ্যমের ৭টি বই তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বিতরণ ও মানোন্নয়ন-সংক্রান্ত পর্যালোচনা সভা হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে সভায় মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম-সংক্রান্ত সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিতে সদস্য হিসেবে থাকবে এনসিটিবি, বিভিন্ন অধিদপ্তর ও বোর্ডের প্রতিনিধিরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.