বাগেরহাটঃ সাভারে নৌকায় চড়ে নদী পার হওয়ার সময় এক কলেজছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করেন র্যাব-৬-এর সদস্যরা।
গ্রেপ্তারকৃতের নাম মোসলেম মোল্লা (৪০)। তার বাড়ি সাভারের দেওয়ানবাড়ির আমিন বাজার এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ধর্ষণের শিকার ওই তরুণী কলেজে লেখাপড়ার পাশাপাশি একটি প্রসাধন সামগ্রীর দোকানে চাকরি করেন। গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সাভারের বেগুনবাড়িয়া গুদারাঘাট থেকে পাঁচকানিঘাটের কাউন্দিয়া যান। সেখান থেকে নদী পার হতে সেলিমের (৩৮) ডিঙি নৌকায় ওঠেন।
পরে ওই নৌকায় মোসলেম মোল্লাও ওঠেন। নৌকা নদীর মাঝপথে পৌঁছলে পূর্বপরিকল্পনা অনুসারে মোসলেম মোল্লা জোরপূর্বক ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এ সময় তিনি চিৎকার করলে আসামিরা তাকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগী এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন।
এদিকে নির্দিষ্ট সময়ে বাড়িতে না ফেরায় তাঁর স্বামী ও শ্বশুর অন্য নৌকা নিয়ে তাকে খুঁজতে থাকেন। পরদিন ২৮ জানুয়ারি দুপুরে ডিঙি নৌকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে সভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
র্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ওই দুজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ধর্ষণ মামলার হোতা মোসলেম মোল্লার অবস্থান সম্পর্কে জানতে পারে র্যাব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
