এ বছর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্না রায় লিপাকে উপজেলার সেরা শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে মনোনয়নের জন্য উপজেলা পর্যায়ের মনোনয়ন কমিটি তাকে নির্বাচন করেন।
গত ৫ নভেম্বর ওই কমিটির এক সভায় শিক্ষকদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। শনিবার কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার নার্গিস জাফরী আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরির সেরাদের নাম ঘোষণা করেন। সুবর্ণা ১১ বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত আছেন। প্রতিদিনের নিয়মিত দায়িত্বের পাশাপাশি তিনি বিদ্যালয়ের পিছিয়ে পড়া শিশুদের জন্য ছুটির পরে আলাদা করে সময় দেন, বৃত্তি পাওয়ার উপযুক্ত শিশুদের জন্য বিনা পারিশ্রমিকে আলাদা ক্লাস নেন।
তার উদ্যোগে বিদ্যালয় চত্বরে একটি স্থায়ী বাগান তৈরি হয়েছে। ২০১৭ সালের ২৬ মে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হন। ওই বছরের জাতীয় শিক্ষক সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্তৃক সেরা শিক্ষকের পুরষ্কার লাভ করেন। এছাড়া তিনি এটুআই প্রকল্প থেকে ফরিদপুর জেলা এম্বাসেডর নিযুক্ত হন। সারা বাংলাদেশের ৬৪ টি জেলার ৪৫০০ শিক্ষক কে তিনি পেনড্রাইভের মাধ্যমে ১৯০০ কন্টেন্ট বিতরণ করেছেন, যা মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এক মাইলফলক।
এছাড়া তিনি আন্তর্জাতিক অঙ্গনেও অর্জন করেছেন ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ সালের এমআইই এক্সপার্ট পদবী, যা প্রতি বছর মাইক্রোসফট থেকে সারা বিশ্বের কৃতি শিক্ষকদের দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
