বিদেশি শিক্ষার্থীদের অনুমোদন স্থগিত করছে ব্রিটিশ কলম্বিয়া

ঢাকাঃ আগামী দুই বছরের জন্য স্নাতক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের অনুমোদন দেওয়া স্থগিত করতে যাচ্ছে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার সরকার। প্রাদেশিক সরকার থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্নাতক কোর্সে ভর্তিচ্ছু কোনো বিদেশি শিক্ষার্থীকে প্রদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং প্রদেশে বসবাসের অনুমতি দেওয়া হবে না। এই সময়সীমার মধ্যে যেসব ব্যক্তি শ্রমিক হিসেবে ব্রিটিশ কলাম্বিয়ায় প্রবেশ করবেন, তাদেরকেও ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী এবং সরকারের নির্ধারিত মান অনুযায়ী ইংরেজি ভাষায় প্রশিক্ষিত হতে হবে।

কানাডায় গত কয়েক বছরে বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী এবং অভিবাসী আসায় বিভিন্ন শহরে আবাসন সংকট শুরু হয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবাসন ব্যয়। কানাডার সরকারি পরিসংখ্যান দপ্তর স্ট্যাটিসটিক্স কানাডার তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ২০২৩ সালের মধ্যে কানাডায় গড়ে আবাসন ব্যয় বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ।

মূলত এই কারণেই বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের আগমনে বিধিনিষেধ জারি করছে কানাডা। অন্যদিকে দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের অনুমোদন ৩৪ শতাংশে নামিয়ে আনা হবে।

উল্লেখ্য, বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর সামর্থ্যবান শিক্ষার্থীদের কাছে শিক্ষাগ্রহণ ও বসবাসের জন্য সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম। যে কারণে প্রচুর সংখ্যক শিক্ষার্থী কানাডায় আসেন শিক্ষা গ্রহণ করতে।

অন্যদিকে কানাডাও সবসময় বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানায়। সেই সঙ্গে যেসব শিক্ষার্থী পড়াশোনা শেষে কানাডায় স্থায়ী হতে চান, তাদের প্রতিও উদারতা প্রদর্শন করে দেশটি। অর্থনীতির বিভিন্ন খাতে বিদেশি শ্রমিকদেরও স্বাগত জানায় কানাডা। যা পৃথিবীর অন্যান্য দেশে সচরাচর দেখা যায় না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.