ঢাকাঃ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্তে করা নিয়ে কর্মশালা হওয়ার কথা থাকলেও তা হয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কয়েকজন কর্মকর্তা এ কর্মশালায় অংশ নিতে নির্ধারিত সময়ে পূর্ব-নির্ধারিত ভেন্যু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) এসে উপস্থিতও হয়েছিলেন।
কিন্তু মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কর্মশালা শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে তা স্থগিত করার কথা জানানো হয়।শেষ মুহূর্তে কর্মশালা স্থগিত করায় উষ্মা প্রকাশ করেছেন শিক্ষা প্রশাসনের একাধিক কর্মকর্তা।
জানা গেছে, প্রথম দফায় গত ২ জানুয়ারি বদলি নীতিমালা নিয়ে দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। পরে মঙ্গলবার এ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়।
সভায় অংশ নিতে এসেও ফিরে যাওয়া একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেষ মুহূর্তে সভাটি স্থগিত করা হয়েছে। অনেকে মাতৃভাষা ইনস্টিটিউটেও চলে এসেছিলেন। এসে তারপর সভা স্থগিতের সিদ্ধান্ত জানতে পেরেছেন। একটু আগে জানানো হলে ভোগান্তি কম হতো বলে মন্তব্য করেন তিনি।
আরেকজন কর্মকর্তা বলেন, দুপুরের দীর্ঘ যানজট পেরিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটেও আসার পর জানতে পেরেছি কর্মশালাটি হবে না। সভা স্থগিতের বিষয়টি সকালে জানানো হলে ভোগান্তি পোহাতে হতো না।
এদিকে, সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকরাও এ কর্মশালার অপেক্ষায় ছিলেন। তারা দ্রুত বদলি নীতিমালা চূড়ান্ত করে প্রক্রিয়া শুরুর দাবি জানিয়ে আসছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার খসড়া তৈরির কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত বছরের ২২ অক্টোবর বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়। এ প্রস্তাবনা খসড়া আকারে তৈরি করা হয়েছে।
তবে খসড়াটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের কর্মশালায় তা চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা আবার পেছালো। ফলে বদলির আশায় থাকা কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষকের অপেক্ষাও বাড়লো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
