এশিয়াটিক সোসাইটির সদস্য হলেন জবি উপাচার্য

ঢাকাঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২৪-২০২৫ বর্ষের জন্য নতুন কাউন্সিল গঠিত হয়েছে৷ এতে চতুর্থ সর্বোচ্চ ৪৫৫ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শরীফুল্লাহ ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন।

এতে সভাপতি পদে ৪৯০ ভোট পেয়ে ড. হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক পদে ৫৮৯ ভোট পেয়ে ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে ড. হাফিজা খাতুন, ড. সাজাহান মিয়া, ড. ইয়ারুল কবীর, কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ আবদুল মজিদ ও সম্পাদক পদে ড. মো. আবদুর রহিম নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে ড. এ. কে. এম গোলাম রব্বানী, ড. মাহবুবা নাসরীন, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম, ড. আশা ইসলাম নাঈম, ড. আবদুল বাছির, ড. নাজমা খান মজলিস, ড. মো. আবদুল করিম, ড. শুচিতা শরমিন ও ড. সাব্বীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য নির্বাচিত হওয়ার পর জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আমাকে নির্বাচিত করায় এশিয়াটিক সোসাইটির সকল সদস্যকে ধন্যবাদ। গবেষণার গুণগত পরিবর্তন ও বৈচিত্র্য আনার দিকেই আমার মূল লক্ষ্য থাকবে। বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের গবেষণায় অনুপ্রাণিত করার উদ্যোগ নেবো। পাশাপাশি সুবক্তাদের এশিয়াটিক সোসাইটিতে নিয়ে আসার প্রচেষ্টা থাকবে। সর্বোপরি মুক্তিযুদ্ধের চিন্তা-চেতনার বিকাশ ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করবো।’

ড. সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণীতে দ্বিতীয় ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পড়াশোনা শেষ করেন। তাঁর বাবা ফজলুল হালিম চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি ১৯৭৬-১৯৮৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার স্বপ্ন সত্যি করে পড়াশোনা শেষে শিক্ষক হিসেবে তিনি যোগ দেন নিজ বিভাগেই।

পরবর্তীতে কমনওয়েলথ বৃত্তি নিয়ে পড়তে যান কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে। সেখান থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি নেন ড. সাদেকা হালিম। এরপর কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট করেন যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে।

শিক্ষকতার পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ড. সাদেকা হালিম। জাতীয় শিক্ষানীতি কমিটি ২০০৯-এর ১৮ জন বিশিষ্ট শিক্ষাবিদের কমিটিতে একজন সদস্য ছিলেন তিনি। বাংলাদেশ সোশিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও গবেষণা প্রতিষ্ঠান উইমেন ফর উইমেনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.