জাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থিদের জয়

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম সমর্থিত প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ১১টি পদে জয় পেয়েছে। ‘শিক্ষক ঐক্য পরিষদ’ সভাপতিসহ চারটি পদে জয় পেয়েছে।

সোমবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে বেলা দেড়টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ এবং আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ ও বিএনপিপন্থী শিক্ষকেরা মিলে জোটবদ্ধ হয়ে শিক্ষক ঐক্য পরিষদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। এই প্যানেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমবিরোধী বলে পরিচিত।

নির্বাচনে শিক্ষক ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মোতাহার হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ প্যানেল থেকে রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ রানা।

এ ছাড়া বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ থেকে যুগ্ম সম্পাদক পদে পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. এজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এই পরিষদ থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন নগর ও অঞ্চল-পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা হক, ফার্মেসি বিভাগের অধ্যাপক কে এম খাইরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম খন্দকার, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ফাহমিদা আক্তার, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মো. নুরুল আমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রনি, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সুব্রত বনিক।

অন্যদিকে শিক্ষক ঐক্য পরিষদ প্যানেল থেকে সহসভাপতি পদে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ এবং সদস্য পদে ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক আইরীন আখতার নির্বাচিত হয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.