এইমাত্র পাওয়া

গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা, থানায় মামলা

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কলেজ শিক্ষক খুনের ঘটনায় মামলা হয়েছে। এতে তার দুই ভাই ও দুই ভাতিজাকে আসামি করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে নিহতের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন বলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম জানান।

মামলায় আসামিরা হলেন- নিহতের আপন বড় ভাই মোহাম্মদ আলী, ছোট ভাই মজিবর রহমান এবং মজিবরের দুই ছেলে সুমন ও সেজান।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রেজা সাঈদ আল মামুন কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। রোববার দুপুরে নিজের জমিতে কাজ করার সময় রেজা সাঈদ আল মামুনকে (৫৫) লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তারই ভাই-ভাজিতাদের বিরুদ্ধে।

পুলিশ কর্মকর্তা নাসিম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.