চট্টগ্রামঃ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সহযোগিতা চান।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাই। দেশের ক্রান্তিলগ্নে সবসময় সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য থাকে। তাদের সাহসী লেখনীর মাধ্যমে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ হয়।
চট্টগ্রামের সাংবাদিকদের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে চট্টগ্রামের সাংবাদিকদের পাশে থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে বর্তমান সরকার কাজ করবে।
সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে এবং সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি শহীদ উল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
সম্মাননা প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, সাবেক সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া ও অঞ্জন কুমার সেন। এছাড়াও ভিডিওবার্তা ও শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও মঈনুদ্দিন নাসের।
বিশেষ অতিথির বক্তব্যে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, উপমহাদেশে যখন সাংবাদিকতা কাঠামো পাচ্ছে তখন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভূমিকা ছিল।
সম্মাননা প্রদান উপলক্ষে সিইউজের উদ্যোগে প্রকাশিত সিইউজে সম্মাননা স্মারক বার্তাজীবীর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সিইউজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের জীবনী নিয়ে এবারের বার্তাজীবীর আয়োজন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫ /০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
