নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বেসরকারি স্কুল-কলেজে মামলা থাকলে নিয়োগ দেওয়া যাবে না। সহকারী শিক্ষক ও প্রভাষক ছাড়া বাকি ১৫ পদে নিয়োগের এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
সোমবার মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের ক্ষেত্রে মোট ১১ দফা নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, বেসরকারি স্কুল-কলেজে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিভিন্ন কর্মচারী নিয়োগ দিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। এসব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে হরহামেশা। স্কুলে সহকারী শিক্ষক ও কলেজে প্রভাষক পদে নিয়োগের সুপারিশ করে শিক্ষক ও নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।
বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাড়ে ৩৪ হাজার। এগুলোর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২০ হাজার ৩১৬, কলেজ ২ হাজার ৬৬৪ ও আলিয়া মাদ্রাসা ৯ হাজার ২৯২টি। বাকিগুলো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি অথবা যে পদে নিয়োগ করা হবে সে পদের বিপরীতে মামলা থাকা যাবে না।এছাড়া নিয়োগের ক্ষেত্রে হালনাগাদ নিয়মিত ম্যানেজিং কমিটি থাকা, সর্বশেষ জনবলকাঠামো অনুসরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও হালনাগাদ স্বীকৃতি এবং কাম্য শিক্ষার্থী ও ফলাফলের ধারাবাহিকতা থাকারও নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ১১ জানুয়ারি বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের নতুন নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
নীতিমালায় ১৫ পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়। এসব পদকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। নীতিমালায় নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টন ও সময়, লিখিত পরীক্ষার মূল্যায়ন, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা নেওয়ার নিয়ম ও মূল্যায়ন পদ্ধতি, ফল তৈরি, নিয়োগের সুপারিশ, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির করণীয় কী হবে, তা-ও নির্দিষ্ট করা হয়েছে।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
