এইমাত্র পাওয়া

১৮তম শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারি পরীক্ষা ১৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ।

বুধবার (২৪ জানুয়ারি) এনটিআরসিএএ পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গেল বছরগুলোতে স্কুল ও কলেজ পর্যায়ে পৃথক পৃথক দিনে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবারে একইদিনে হচ্ছে এ নিয়োগ পরীক্ষা।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে এনটিআরসি। যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এর আগে গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০।

প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা পড়বে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০%। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

গত বছরের ৯ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে তা শেষ হয় ৩০ নভেম্বর। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের নিয়োগে নতুন তালিকা প্রকাশ করে এনটিআরসি। তার প্রেক্ষিতে নিয়োগ পেয়ে থাকেন প্রার্থীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.