এইমাত্র পাওয়া

যশোরে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি, বন্ধ হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান

যশোরঃ জেলায় কনকনে ঠান্ডায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়নি।

সোমবার (২২ জানুয়ারি) যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এবিষয়ে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, তাপমাত্রা ১০ এর নিচে নেমেছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। যেহেতু তাপমাত্রা ওঠানামা করে সেহেতু এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ১০ এর নিচে নামলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এডিসি শিক্ষা মহোদয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

সোমবার সকালে বেশ কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, যশোর জিলা স্কুল, কালেক্টরেট স্কুল, যশোর ইনস্টিটিউট স্কুলসহ সেখানকার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় গুলো খোলা রয়েছে। উপজেলা পর্যায়ও খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও এখন পর্যন্ত কোন স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি। সকালে তীব্র শীত উপেক্ষা করে শিশুদের স্কুলে নিয়ে আসছেন অভিভাবকেরা।

সজল হোসেন নামে এক অভিভাবক বলেন, হাড়কাঁপানো শীত, তবুও স্কুল খোলা। সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে গিয়েছিলাম এখন নিয়ে যাচ্ছি। স্কুল খোলা থাকলে, ক্লাস মিস দিলে সমস্যা। এমন ঠান্ডায় বন্ধ করা উচিত, না হলে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য।

অপর একজন অভিবাবক শেখ কিবরিয়া বলেন, আজ যশোরে বছরের সর্বনিম্ন তাপমাত্রা তারপরেও শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ হয়নি। এ অবস্থার মধ্যে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে খুব ভালো হতো।

এদিন সকাল থেকে যশোর শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। শীত আবহাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা।

রিকশা চালক মহিদুল ইসলাম বলেন, রাস্তায় সকাল ৮টা-৯টার আগে মানুষজনের চলাচল তেমন নেই। এরপর কিছু মানুষ বের হলেও সংখ্যায় কম। তারা আবার সন্ধ্যা না হতেই ফিরে যাচ্ছেন। এতে আগে যেখানে ৭-৮শ’ টাকা আয় হতো, এখন তা ৩-৩৫০ এ নেমেছে।

চা দোকানী শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে রাত পর্যন্ত দোকান খুলে রাখলেও ঠান্ডার কারণে মানুষ বেশি আসছে না। আসলেও তারা অল্প সময় বসছেন। এতে কেনাবেচা কমে গেছে। কিন্তু আমাদেরতো উপায় নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.