এইমাত্র পাওয়া

বগুড়ায় মাধ্যমিক বন্ধ, প্রাথমিকে বন্ধ শুধু একাডেমিক কার্যক্রম

বগুড়াঃ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সোমবার সকালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় সব মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগে ঘোষণা না দেওয়ায় অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অবিভাবক এসে অনেকক্ষণ অপেক্ষার পর ফিরে যান।

তবে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আবার সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, একাডেমিক কার্যাক্রম বন্ধ থাকবে। দুটি প্রতিষ্ঠানের আলাদা সিদ্ধান্তে অভিভাবকরা বিভ্রান্ত হচ্ছেন।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী জানান, সর্বনিম্ন তাপমাত্রা থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য মোতাবেক ২২ জানুয়ারি সোমবার জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় জেলার মাধ্যমিক স্তুরের সকল স্কুল/মাদ্রাসা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি জেলার ১২ উপজেলার শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

অন্যদিকে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় জেলার সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান খোলা থাকবে, শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের অন্যরা আসবেন। আর এ ছুটি শুধু একদিনের জন্য।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ১০ ডিগ্রির নিচে হওয়ায় একে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এর আগে গত ১৬ জানুয়ারি সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.