নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৯ জানুয়ারি এবং চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্বের ন্যায় আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এদিন সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা এবং ২৭ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রদত্ত যোগ্যতার ন্যায় এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয় বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবারও সর্বনিম্ন পাস নম্বর ৩০ ধরে বিবেচনা করা হবে। এদিন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
