খুলনাঃ স্কুল থেকে পাওয়া স্বর্ণের উপহার স্কুলের ছাত্রীদের জন্য ফিরিয়ে দিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। নবনির্বাচিত এ সংসদ সদস্য আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা পাইকগাছা শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যের এটাই ছিল প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে মো. রশীদুজ্জামানকে আড়াই আনা ওজনের একটি স্বর্ণের তৈরি নৌকা সদৃশ কোট পিন উপহার দেওয়া হয়। তিনি উপহারটি সাদরে গ্রহণ করলেও উদ্বোধনী বক্তব্য শেষ করে স্বর্ণের উপহার কোট পিনটি বিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন। এ সময় তিনি তাকে দেওয়া উপহারটি বিদ্যালয়ের কৃতী ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। নবনির্বাচিত সংসদ সদস্য উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে আরো ৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেন বিদ্যালয়টিকে। এমন মহানুবতার জন্য উপস্থিত সকলের কাছে প্রশংসিত হন নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
এ ব্যাপারে শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি রানী শীল বলেন, শপথ গ্রহণের পর বুধবার নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান আমাদের বিদ্যালয় মাঠে প্রথম ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। আমরা খুশি হয়ে তাকে স্বর্ণের তৈরি নৌকা সদৃশ একটি কোট পিন উপহার দিই। তিনি সেটি গ্রহণও করেন। তবে বক্তৃতা শেষে তিনি চলে যাওয়ার সময় তাকে দেওয়া উপহারটি ফেরত দিয়ে বিদ্যালয়ের কৃতী ছাত্রীদের কল্যাণে কাজে লাগানোর জন্য বলেন। এছাড়া তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে বিদ্যালয়কে আরও ৫ হাজার টাকা অনুদান দেন।
এ ব্যাপারে নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেন, উপহারটি ফেরত দিয়ে মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে লাগানোর জন্য নির্দেশনা দিয়ে এসেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
