এইমাত্র পাওয়া

কবি সুকান্তের ম্যুারাল পরিষ্কার করলেন ইউএনও

 ‘চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস’

যে কবি এই পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করে শিশুদের জন্য বাসযোগ্য করতে চেয়েছিলেন সেই কবির জঞ্জাল ও আবর্জনা যুক্ত ম্যুরালটি নিজ হাতে পরিষ্কার করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন।

মঙ্গলবার সকালে ইউএনও আজিম উদ্দিন নিজ হাতে ঝাড়ু দিয়ে উপজেলার কোটালীপাড়া-পয়সারহাট সড়কের সিকিরবাজার মোড়ে নির্মিত কবি সুকান্ত ভট্টাচার্যের ম্যুরালটির আর্বজনা পরিষ্কার করেন।

জানা গেছে, ২০১৬ সালে উপজেলা পরিষদের অর্থায়নে ম্যুরালটি স্থাপন করা হয়। তৎকালীন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার ম্যুরালটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাবেক জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ম্যুরালটি উদ্বোধন করেন।

ম্যুরালটির আশপাশে ময়লা আবর্জনার স্তুুপ পড়েছিল। বিষয়টি কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের নজরে এলে তিনি নিজ হাতে তা পরিষ্কার করেন। তার এই কর্মকাণ্ডটি স্থানীয় কবিপ্রেমী ও সুধীজনদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শেখ হাসিনা আদর্শ সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায় বলেন, ইউএনও যে কাজটি করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই কাজটি অনেক আগেই কবিপ্রেমীদের করা উচিত ছিল।

ইউএনও আজিম উদ্দিন বলেন, কোটালীপাড়া হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক ভূমি। এখানে কবির পৈত্রিক ভিটায় প্রবেশ দ্বারে সিকিরবাজার মোড়ে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ম্যুরালটি পরিষ্কার করা হয়নি। বিষয়টি আমি জানার পরে আজ সকালে গিয়ে ম্যুরালটি পরিষ্কার করলাম। বাংলার এই বিখ্যাত কবির ম্যুরালটি পরিষ্কার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্টিট্রের মামা বাড়িতে জন্মগহণ করেন। তার পিতার নাম নিবারণ ভট্টাচার্য ও মাতার নাম সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল-কবি সুকান্তের উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.