‘মনের ময়লা’ পরিষ্কার করার প্রত্যয় ব্যারিস্টার সুমনের

ঢাকাঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এলাকার ময়লা আবর্জনার পাশাপাশি কিছু মানুষের মনের ময়লা পরিষ্কার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রবিবার জয়ের পর নিজের ফেসবুক পেজে ব্যারিস্টার সুমন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি যেভাবে আগে সফল হয়েছি, একইভাবে এখনও চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হব। এ ছাড়া পরিষ্কার করতে হবে ময়লা আবর্জনা। ময়লা বলতে শুধু পানির মধ্যে না, কিছু মানুষের (মনের) মধ্যেও ময়লা আছে তা পরিষ্কার করতে হবে।’

ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ নেতা। ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতাও।

নিজের এলাকা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আর সে জন্য অন্য যেকোনো এমপির চেয়ে আমাকে অনেক বেশি কষ্ট করতে হবে। নিজের শরীরটা এবং সততাকে পুঁজি করে ইতিহাস গড়তে চাই আমি।’

ব্যারিস্টার বলেন, তরুণরা যাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য তাদেরকে উন্নয়নেও অংশগ্রহণ করাতে চাই। তরুণদের ফ্রিল্যান্সিংয়ে নিয়ে আসতে চাই, যাতে তারা নিজের এলাকাকে প্রতিষ্ঠিত করতে পারে।

এই আসনে নৌকার প্রার্থী ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি টানা দুইবারের সংসদ সদস্য। কিন্তু এবার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে ধরাশায়ী হলেন তিনি। ফলাফল অনুযায়ী, সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। আর মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

রবিবার রাতে ফলাফল ঘোষণার পর থেকেই চুনারুঘাটে ব্যারিস্টার সুমনের বাসার সামনে ভিড় করেন হাজার হাজার মানুষ। সারা রাত গড়িয়ে সকালেও ভিড় কমেনি তার বাসার সামনে থেকে। স্লোগান দিয়ে মুখরিত করে রাখছেন তারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.