ময়মনসিংহঃ জেলার ভালুকায় প্রায় দুই যুগ ধরে বিনা বেতনে শিক্ষকতা করার পরও এমপিও তালিকা থেকে মল্লিকবাড়ি গোবুদিয়া সবুজ বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিনা আক্তারকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় উচ্চ আদালতে রিট পিটিশন করা হলে কর্তৃপক্ষকে দুই মাসের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলেও না নেওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভুক্তভোগী শিক্ষক শাহিনা আক্তার।
রিট পিটিশন, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি গোবুদিয়া গ্রামে স্থানীয়ভাবে ১৯৯৮ সালে সবুজ বাংলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথমে ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন গোবুদিয়া গ্রামের শামছুল হক খানের ছেলে আবুল বাশার মো. আইয়ুব খান। কিন্তু দীর্ঘদিন প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় ২০১৩ সালে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষক শাহিনা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে তিনি চাকরি নিয়ে ওমান চলে যান। দীর্ঘ পাঁচ বছর বিদেশ কাটিয়ে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার কিছুদিন আগে তিনি দেশে আসেন। ২০২২ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে ওমানফেরত সাবেক প্রধান শিক্ষক শাহিনা আক্তারের কাছ থেকে দায়িত্ব বুঝে না নিয়ে গোপনে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করেন।
শিক্ষক শাহিনা আক্তার বলেন, আমার জীবনের অধিকাংশ সময় ওই প্রতিষ্ঠানে উৎসর্গ করেছি, আমার গায়ে ভালো কাপড়, পায়ে ভালো একজোড়া জুতা নেই, থাকার একটি ঘরও নেই। তারপরও প্রতিদিন সঠিক সময়ে আমার প্রিয় বিদ্যালয়ে পাঠদান করে এসেছি। আমাকে এমপিওর তালিকা থেকে বাদ দিয়ে বড় অঙ্কের টাকার বিনিময়ে ওই পদে রায়হানা খাতুন নামে তার এক আত্মীয়কে নতুন করে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করেছেন।
এ ব্যাপারে রিট করলে আদালত শাহিনা আক্তারকে স্বপদে বহাল রেখে এমপিওভুক্তির জন্য নির্দেশ দেন আদালত। কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করা হচ্ছে।
অভিযুক্ত আবুল বাশার মো. আইয়ুব খান জানান, আমি দুই বছর তিন মাস ট্যুরিস্ট ভিসায় ওমানে ছিলাম ম্যানেজিং কমিটির অনুমতি সাপেক্ষে। ওই দুই বছর বেনবেইসে আমার নাম না থাকায় এমপিওভুক্ত হতে পারিনি। আমি শাহিনা আক্তারকে বাদ দিইনি। তিনি এমনিতেই বাদ পড়েছেন। তা ছাড়া রায়হানা খাতুন নামেও নতুন কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া হয়নি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ জানান, ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। কালবেলা
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
