এইমাত্র পাওয়া

কোচিং বাণিজ্য কি কারিকুলামের কারণে হয়?

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: আচ্ছা, একটু চিন্তা করে বলুন তো কোচিং বাণিজ্য কি কারিকুলামের কারণে হয়? ঢাকা শহরে ইংরেজি মাধ্যমের এত এত কোচিং সেন্টার কেন? সেটা কি ইংরেজি মাধ্যমের কারিকুলামের দোষে? তাহলে কি ইংরেজি মাধ্যমের কারিকুলামের ত্রুটি আছে? তাহলে বাংলাদেশের উচ্চবিত্তের সন্তান, উচ্চ শিক্ষিতদের সন্তান কেন ইংরেজি মাধ্যমে পড়ে এবং কোচিং-এ যায়? বিশ্বে সবচেয়ে ভালো কারিকুলামের অন্যতম হলো ইংরেজি মাধ্যমের কারিকুলাম। সবচেয়ে ভালোর অন্যতম বলেই বিশ্বের ১৫০ এর অধিক দেশে এটি চালু আছে। ঢাকার একটি ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু করে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান। ঢাকার অনেক ইংরেজি মাধ্যমের স্কুলের অনেক ছেলেমেয়ে নবম শ্রেণিতে উঠে আর স্কুলে যায় না এবং অ-লেভেলে উঠে প্রায় শতভাগ ছেলেমেয়ে আর স্কুলে যায় না। তারা শতভাগ কোচিং নির্ভর। তাহলে এই ইংরেজি মাধ্যমের কারিকুলামকে কি দোষ দেবো?

দোষ আমাদের স্কুলের। আমাদের স্কুলগুলো বিশ্বমানের শিক্ষক নিয়োগ দেয় না বা পায় না। এর কারণ বেতন কাঠামো। তদুপরি ইংরেজি মাধ্যমের শিক্ষকরা বাংলা মাধ্যমের শিক্ষকদের চেয়ে ঢের বেশি ভালো বেতন পান। তারপরেও তারা প্রাইভেট পড়ান এবং কোচিংয়ে ক্লাস নেন। কারণ ইংরেজি মাধ্যমের ভালো বেতনও যথেষ্ট ভালো নয়। লালমাটিয়া ও ধানমন্ডিতে অসংখ্য কোচিং সেন্টার আছে যাদের বেশির ভাগই ইংরেজি মাধ্যমের। এই কোচিং সেন্টারগুলোর শিক্ষকদের অনেকেই অসাধারণ মেধাবী। তাদের অনেকেই বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করা। তারা কোনো চাকরির পেছনে না ছুটে কোচিংটাকেই পেশা হিসেবে নিয়েছে এবং কীভাবে ভালো পড়ানো যায়, সেটা নিয়ে নিয়ত ভাবে।

বাংলা ও ইংরেজি মাধ্যমের অনেকেই ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করে এমআইটি, হার্ভার্ড, প্রিন্সটন, ইয়েল, উইলিয়ামস কলেজ, দার্থমাউথ প্রভৃতি বিখ্যাত প্রতিষ্ঠানে সুযোগ পাচ্ছে। স্কুলের শিক্ষকদের চেয়ে এদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। এখন আমরা যদি ভালো বেতন দিয়ে এই কোচিং সেন্টারে যারা পড়ায় তাদের মানের শিক্ষকদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারতাম, তাহলে কোচিং অনেকটা রিডান্ডেন্ট বা অপ্রয়োজনীয় হয়ে যেত। স্কুলকে ভালো না করে কোচিং আর কারিকুলামকে গালি দিয়ে লাভ নেই, এই সহজ কথাটি আমরা কেন বুঝি না।

লেখক: শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

“মুক্তমত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে মুক্তমত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক ও আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের;- শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.