নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর নয়, ৩ জানুয়ারি ভোটের মাঠে নামবে সশস্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত আটদিন দায়িত্ব পালন করবে তারা। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
প্রিন্সিপাল স্টাফ অফিসারের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল এইচএম মাসীহুর রহমান ওই চিঠি পাঠান। এর আগে ২৯ ডিসেম্বর সশস্ত্র বাহিনী নির্বাচনী দায়িত্বে মাঠে নামবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়েছিল।
এ বিষয়ে গতকাল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স অবস্থান করলে সার্বিক পরিবেশ ও পরিস্থিতির আরো উন্নতি হবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশের সংখ্যা বেশি থাকে। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিছুসংখ্যক কম থাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে সমস্যা হলে সেগুলোকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।’
সশস্ত্র বাহিনী বিভাগের পাঠানো চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সীমা ব্যতীত) সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দেয়া হলো।
এতে আরো বলা হয়, প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক স্থানে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। জেলা/উপজেলা/পুলিশ স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করে এবং রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে এসব স্থানে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। ২৯ ডিসেম্বর সশস্ত্র বাহিনী বিভাগের একটি সমন্বয় সেল কার্যক্রম শুরু করবে। বাহিনী বিভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী সমন্বয় সেল স্থাপন ও পরিচালনা করবে।
এর আগে ১১ ডিসেম্বর সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়ে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন সশস্ত্র বাহিনী মোতায়েন করা হতে পারে। তবে সেটি রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে। পরে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
