নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, যেকোনো বিষয়ে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। শুধু প্রশিক্ষণ নিয়ে একা কাজ করলে হবে না। এ প্রশিক্ষণ সংশ্লিষ্ট সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। না হলে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কোনো কাজে আসবে না।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের ১০ম তলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সনদ প্রদানের সময় তিনি এসব কথা বলেন।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, মুমূর্ষু রোগীর অতি আপনজন এই ক্রিটিক্যাল কেয়ার বিভাগে কাজ করা নার্সরা। ক্রিটিক্যাল কেয়ার বা আইসিইউতে কর্মরত নার্সরা একজন কাউন্সিলর হিসেবে কাজ করবে।
তিনি বলেন, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের কারণে গত ৫২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আমরা ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। এই নার্সরা যদি কাউন্সিলর হিসেবে আন্তরিকতার সঙ্গে কাজ করে, তবে আমরা আরো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সমর্থ হবো।
উপাচার্য বলেন, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে কর্মরত নার্সরা নিজের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাদের ইনসেনটিভ দেওয়ার বিষয়ে প্রশাসনের সবার সাথে আলাপ করে ইতিবাচক কিছু করার আশ্বাস দিয়েছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. কামরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য দেন রোটারী ক্লাব অব মেট্রোপলিটন, ঢাকার সভাপতি রোটারিয়ান ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানেসথিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বনিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
