আল আমিন হোসেন মৃধা, ঢাকাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ আসাদুজ্জামান রিপন টানা ৯ বছর ধরে জাল সনদে শিক্ষকতা করছেন, তুলছেন বেতন ভাতা।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিপিএড ডিগ্রি নিয়ে ২০১৪ সালের ৭ ডিসেম্বর শরীরচর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন এবং এমপিওভুক্ত হন। তার ইনডেক্স নাম্বার N১১১৭৪৩১। তবে তার বিপিএড ডিগ্রি নিয়ে সন্ধেহ হলে স্কুলের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সনদ যাচাইয়ের লিখিত আবেদন করা হয়। এই লিখিত আবেদনের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আমীর খইয়াম স্বাক্ষরিত পত্রে জানানো হয় এই সনদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে নেই।
২০২২ সালের ১২ ডিসেম্বর মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন আহমেদ বরাবর পাঠানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঐ চিঠিতে বলা হয়, মোঃ আসাদুজ্জামান এর সাময়িক সনদপত্র যার রোল নম্বর-২৬৭০৩, রেজিট্রেশন নম্বর- ৬০১৪২১, শিক্ষাবর্ষ-২০০২-২০০৩, বি পি এড পরীক্ষা-২০০৩, ফলাফল- দ্বিতীয় শ্রেণি। উল্লেখিত সাময়িক সনদপত্রটি যাচাইয়ান্তে প্রতীয়মান হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী সনদের তথ্য সঠিক নয় এবং এটি একটি জাল সনদপত্র ।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রধান শিক্ষক বরাবর পাঠানো এই চিঠিতে জাল সনদধারী শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অবহিত করা হয়। তবে অবহিত করার এক বছর পার হলেও প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন আহমেদ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, বিপিএড ডিগ্রির সনদ জাল প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাউশিতে লিখিত অভিযোগ দেন মাওলানা ভাসানীর মেয়ে রিজিয়া ভাসানী। সেই অভিযোগের ভিত্তিতে চলতি বছরের আগস্ট মাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে শরীরচর্চা শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সনদ যাচাই করে মাউশিতে প্রতিবেদন পাঠাতে জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার শিশির কুমার উপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসে তার যাবতীয় সনদ সহ শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তলব করলেও তদন্ত প্রতিবেদন পাঠানো হয়নি। জেলা শিক্ষা কর্মকর্তার গত নভেম্বর মাসে বদলি হওয়ায় বিষয়টি নিয়ে জানেননা বলে জানান বর্তমান ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা।
শিক্ষাবার্তা’র পক্ষ থেকে মাওলানা ভাসানীর মেয়ে রিজিয়া ভাসানীর সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ থাকায় এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয় না যাওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে পারেননি।
জানা গেছে, সনদ জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসলে আসাদুজ্জামানকে বাঁচাতে প্রধান শিক্ষক ও বিদ্যালয়টির সভাপতি শিক্ষা কর্তাদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। একাধিকবার জেলা শিক্ষা অফিসে নিজে গিয়েছেন প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন আহমেদ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাল সনদধারী শরীরচর্চা শিক্ষক মোঃ আসাদুজ্জামান রিপনশিক্ষাবার্তা’কে বলেন, আমাকে মোবাইল ফোনে জেলা শিক্ষা কর্মকর্তা সনদসহ তার কার্যালয়ে তলব করেছিলেন আমি সেগুলো জমা দিয়ে এসেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ যাচাইয়ের চিঠি ও মাউশির চিঠি সম্পর্কে আমার জানা নেই। আমি সেগুলো পাইনি।
এ বিষয়ের মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন আহমেদ শিক্ষাবার্তা’কে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি কোন চিঠি পাইনি। জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা মাউশির কোন চিঠি আমি পাইনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা (সনদ) শাখার একাধিক সূত্র বলছে, এ বিষয়ে তারা প্রধান শিক্ষককে চিঠি দিয়েছেন এবং জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত অরেছেন।
অন্যদিকে মাউশি থেকেও প্রধান শিক্ষকের নিকট চিঠি পাঠানো হয়েছে। বিদ্যালয়টির একাধিক সূত্র বিষয়টি শিক্ষাবার্তা’কে নিশ্চিত করেছেন।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম মণ্ডল শিক্ষাবার্তা’কে বলেন, যানেনই কারও সাথে কারও বিবাদ লাগলে একজন আরেকজনের পেছনে লেগে থাকে অভিযোগ করে। চিঠির বিষয়ে তিনি কিছু জানেননা এবং শরীরচর্চা শিক্ষক জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যে সনদের কপি দিয়ে আসছেন তাকে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়টির একাধিক সূত্র শিক্ষাবার্তা’কে বলেন, সভাপতি এবং প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে সব জানেন। প্রধান শিক্ষক নিজে গিয়ে জেলা শিক্ষা কর্মকর্তাকে বলে আসছেন তিনি চিঠির বিষয়ে জানেন না। মূলত তাকে বাঁচাতেই এই মিথ্যার আশ্রয় নিচ্ছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো: আমান উদ্দিন মন্ডল শিক্ষাবার্তা’কে বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব পেয়েছি কয়েকদিন হলো। বিষয়টি নিয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
