৪ পদের বিপরীতে ১৬ প্রার্থীর থেকে টাকা নিলেন প্রধান শিক্ষক-সভাপতি

গোপালগঞ্জঃ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে ৪টি পদে চাকরি দিতে প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ ও ম্যানেজিং কমিটির সভাপতি সুনীল কুমার বাড়ৈ ১৬ জন প্রার্থীর কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন।

বিষয়টি জানাজানি হলে শিক্ষাপ্রতিষ্ঠানটির অভিভাবক, এলাকাবাসী ও চাকরি বঞ্চিতদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় চাকরি বঞ্চিত রনি বিশ্বাস ও সুদিপ্ত রায় বাদী হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গোপালগঞ্জের শিক্ষা অফিসারসহ ৩০ জনকে বিবাদী করে গোপালগঞ্জ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। গত ২২শে নভেম্বর দায়ের করা মামলায় রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ ও ম্যানেজিং কমিটির সভাপতি সুনীল কুমার বাড়ৈকেও বিবাদী করা হয়েছে। বাকি সকল বিবাদীগণ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে বাদীরা তাদের মামলায় উল্লেখ করেছেন।

এদিকে মামলার পরে গত ২৯শে নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানটির অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির হলরুমে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ ও ম্যানেজিং কমিটির সভাপতি সুনীল কুমার বাড়ৈ উল্লেখিত নিয়োগ বাতিল করে ঘুষের টাকা ফেরত দিবেন বলে ঘোষণা দেন। এ বিষয়ে একটি রেজ্যুলেশনও করা হয়। রেজ্যুলেশনে উপস্থিত ব্যক্তিবর্গ স্বাক্ষর করেন।

এই রেজ্যুলেশনের পরে প্রায় ২ সপ্তাহ অতিবাহিত হলেও নিয়োগ বাতিল ও ঘুষের টাকা ফেরত না দেয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনগণ গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে জড়ো হয়। তারা ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগ বাতিল ও ঘুষের টাকা ফেরত না দেয়া হলে প্রধান শিক্ষকের কক্ষে তালা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।

ঘুষ গ্রহণের ব্যাপারে রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বাড়ৈ বলেন, কলাবাড়ি ইউনিয়নের অনেকের সঙ্গেই আমার টাকা পয়সার লেনদেন রয়েছে। কখন কে কোন কাজের জন্য আমাকে টাকা দিয়েছে তা আমি এই মুহূর্তে বলতে পারবো না।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রাধাকান্ত উচ্চ বিদ্যালয়ের নিয়োগ নিয়ে একটি মামলা হয়েছে বলে আমি শুনেছি। মামলার কপি এখনো আমি হাতে পাইনি। হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.