এইমাত্র পাওয়া

৪০০ টাকায়ও গরুর মাংস বিক্রি করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

ঢাকাঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বিভিন্ন পেশায় ও সেক্টরে সিন্ডিকেট থাকলেও জনগণের কোন সিন্ডিকেট নেই। জনগনের সিন্ডিকেট জেগে উঠলে কোন সিন্ডিকেটই কার্যকর থাকবে না। গরুর মাংস আমদানি করলে প্রতিকেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি করা সম্ভব। তবে ক্ষুদ্র ও মাঝারি খামারীদের স্বার্থ বিবেচনায় সরকার গরুর মাংস দেশের বাইরে থেকে আমদানির পক্ষে নয়। প্রতি কোরবানীতে ১ থেকে সোয়া কোটি পশুর প্রয়োজন হয়।

তিনি বলেন, ইতোপূর্বে ভারত থেকে কোরবানীর সময় বিভিন্নভাবে গরু আসলেও এখন আভ্যন্তরীণভাবেই চাহিদা পূরণ করা সম্ভব। পণ্যের চাহিদা ও আমদানির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারি সংস্থাসমুহের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। পেঁয়াজ আমদানিতে সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারায় পরবতীর্তে বেশি মূল্যে পেঁয়াজ আমদানি করতে হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ভোক্তা অধিকার সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীরা এতদিন ডিমে বেশি মুনাফা করেছে। দেশে প্রতিদিন ৪ কোটি ডিমের চাহিদা আছে। মাত্র ৬১ হাজার ডিম আমদানির সাথে সাথে বাজারে ডিমের মূল্য কমে আসে।

দেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ইডেন মহিলা কলেজকে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় ইডেন মহিলা কলেজ। চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও সনদপত্রসহ যথাক্রমে ২ লক্ষ ও ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গত কয়েক মাসে ডিমের বাজারের কারসাজি আমাদের বাজার ব্যবস্থাপনায় একটি বড় কালো দাগ হয়ে থাকবে। ডজন প্রতি যে ডিম ১৫ দিন আগেও ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে তা এখন ১২০ টাকায় নেমে এসেছে। উচ্চ মূল্যের কারণে স্বল্প পরিসরে ভারত থেকে ডিম আমদানি হওয়ায় এবং ভবিষ্যতে আমদানি হওয়ার সম্ভাবনা থাকায় ডিমের বাজারে আগুন কমতে শুরু করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এখন কি মুরগি দিনে দুটি করে ডিম পাড়ে? নাকি এটি ছিল ডিম সিন্ডিকেটের কারসাজি? কারা ডিমের বাজারে সিন্ডিকেট করে গত কয়েক মাসে হাজার কোটি টাকা জনগনের পকেট কেটে অতিরিক্ত মুনাফা করেছে? তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি।

তিনি বলেন, মূল্যস্ফীতির কষাঘাতে কম আয়ের মানুষ গরুর মাংস খাওয়া বাদ দিয়েছে। তাছাড়া প্রক্রিয়াজাত খাদ্য পণ্যের ঘোমটা পরে বাংলাদেশে মহিষের হিমায়িত মাংস আসছে। যা দামে কম হলেও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলে গরুর মাংসের চাহিদা কমে যাওয়ায় কম দামে মাংস বিক্রি করছেন বিক্রেতারা। অন্যদিকে কপোর্রেট প্রতিষ্ঠানগুলোর প্রভাবে দেশের প্রান্তিক ডেইরী ফার্ম, পোল্টির খামারসহ এগ্রোফার্মিংয়ের সাথে জড়িত অনেকেই পুজি হারাচ্ছে। কর্পোরেট কোম্পানীগুলোর কন্ট্রাক্ট ফর্মিংয়ের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে এসব প্রান্তিক খামারিরা। খামারিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমুল্য থেকে বঞ্চিত হচ্ছে।

কিরণ বলেন, আগামী জাতীয় নির্বাচনের মেনুফেস্টে প্রত্যেকটি রাজনৈতিক দলের দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত রাখার অঙ্গীকার ব্যক্ত করা উচিৎ। তাহলে ঐ দলের প্রতি জনগণের সমর্থন বাড়া ছাড়া কমবে না।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন- অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মোঃ তৌহিদুল ইসলাম, সাংবাদিক দৌলত আক্তার মালা প্রমূখ।

এখানে উল্লেখ্য, গত ১১ আগস্ট জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। উক্ত প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। গ্র্যান্ড ফাইনালের বিষয় ছিল “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেসরকারী খাতের ভূমিকাই মুখ্য”।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.