কুড়িগ্রামঃ সমুদ্র দেখতে কুড়িগ্রামের তিন বন্ধু মিলে তাদের পরিবারের টাকা চুরি করে কক্সবাজার পৌঁছায়। এদিকে নিখোঁজ হওয়ার অভিযোগে প্রযুক্তিগত সহায়তায় তাদেরকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১৬ নভেম্বর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয়। তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি পড়ুয়া ফরহাদ হোসেন, তার অপর দুই সহপাঠী মিম খাতুন এবং তানিয়া খাতুন। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এর প্রেক্ষিতে নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক সাধারণ ডাইরি (জিডি) করেন। নিখোঁজ স্কুল ছাত্র-ছাত্রীদের হারানোর বিষয়ে জিডির প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়েও তাদের খোঁজ মেলেনি। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোর এলাকা থেকে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ। উদ্ধারের পর তারা পুলিশকে জানায়- তানিয়ার দীর্ঘদীনের শখ সে কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে। কিন্তু তার বয়স কম হওয়ায় তার সহপাঠী ফরহাদ হোসেন এবং মিম খাতুনের শরণাপন্ন হয়। পরবর্তীতে তারা তিন সহপাঠী মিলে পরিকল্পনা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজার চলে যায়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
