এইমাত্র পাওয়া

সীল ও স্বাক্ষর নকল করে ৭০টি বিয়ে রেজেস্ট্রি এমপিওভুক্ত শিক্ষকের

মৌলভীবাজারঃ জেলার শ্রীমঙ্গলে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার না হয়েও ভুয়া কাজী পরিচয়ে ৫টি বাল্যবিয়েসহ ৭০টি বিয়ে রেজিস্ট্রি করেছেন জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি।

শুধু চলতি বছরের নভেম্বর পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে জয়নাল আবেদিন নামের ওই ব্যক্তি কাজী সেজে নকল বালাম বই তৈরির মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করছেন। ১১ নভেম্বর নোটারি পাবলিক মৌলভীবাজার এর মাধ্যমে ভুল স্বীকারোক্তির এভিডেভিট থেকে এ তথ্য পাওয়া যায়।

অভিযুক্ত জয়নাল আবেদিন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের এমপিওভুক্ত প্রতিষ্ঠান বাহরুল উলুম ডুবাগাঁও দাখিল মাদ্রাসার অফিস সহকারী পদে কর্মরত রয়েছেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে জয়নাল আবেদিন নিজেই অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, আমার ভুল হয়েছে এবং শ্রীমঙ্গল কাজী সমিতি ও কারি সোসাইটি সমিতি বসে এটার সমাধান করে দিয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী নাসির উদ্দিন বলেন, জয়নালের বিষয়টি নিয়ে বসেছিলাম। সে যা করেছে তা বেআইনি। এফিডেভিট যে হয়েছে তা আমি জানি না, তবে অবৈধ বালাম বইটি কাজী আব্দুল মালেকের এবং সেটা আমানত হিসেবে আমার কাছে রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নীতিমালা ও এমপিও কাঠামো ২০২০ সালের সংশোধিত বিধিতে বলা আছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা একইসঙ্গে একাধিক পদে চাকরিতে কিংবা কোনো আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে এমপিও বাতিল ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু অভিযোগ এসেছে, আমি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব এবং দ্রুত ব্যবস্থা নেব।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, আপনার মাধ্যমে ঘটনা শুনলাম। কাজী আব্দুল মালেক এখনো কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসেননি বা এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.