শ্রেণিকক্ষের দরজা খুলে মেয়ে দেখল বাবার ঝুলন্ত লাশ

ময়মনসিংহঃ জেলার হালুয়াঘাট উপজেলায় একটি স্কুলের শ্রেণিকক্ষ থেকে দপ্তরির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) রিপন চন্দ্র হুড় (৪০) নামের ওই দপ্তরির মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। রিপন চন্দ্র হুড় পৌর শহরের উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত সুবোধ চন্দ্র হুড়ের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন জানিয়েছেন, রিপন ওই বিদ্যালয়ে ১০ বছর ধরে নৈশপ্রহরী কাম দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে প্রধান শিক্ষক বলেন, রবিবার সন্ধ্যায় বিদ্যালয়ের চাবি স্ত্রী সম্পা রানীর কাছে দিয়ে ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রিপন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে রিপনের মেয়ে অর্না শ্রেণিকক্ষ খুলে দিতে স্কুলে আসে।

দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষের তালা খুলে ভেতরে রিপনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় সে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.