ঢাকাঃ নোট গাইড ব্যবসায়ী ও কোচিং বাণিজ্যে জড়িত কিছু শিক্ষক নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বাণিজ্য বন্ধ হবে এমন আশঙ্কা করেই তাঁরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে দাবি তাঁর। অনেক শিক্ষক না বুঝে শিক্ষার্থীদের বাড়ি থেকে খাবার রান্না করে আনার অ্যাসাইনমেন্ট দিচ্ছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
রবিবার জাতীয় সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিলের সংশোধনী প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এর আগে বিলের সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
নতুন শিক্ষা কার্যক্রমে বাড়ি থেকে রান্না করে আনা, মোরগ পালন, দাবি আট পেপার কেনা ইত্যাদির মতো অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ কিছুদিন ধরে ক্ষোভ জানিয়ে আসছেন অভিভাবকেরা। এ নিয়ে মানববন্ধনও হয়েছে। আজ সংসদে সেসব বিষয় নিয়েও কথা বলেছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষাক্রম নিয়ে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা কোচিংয়ে ব্যস্ত থাকেন, কোচিং ব্যবসায়ীরা এটাকে বিকৃত করার জন্য, তারা কিছুটা এটা করেছেন। শহরের কিছু বিদ্যালয় এটা করছে। তাদের কড়া নির্দেশনা দেওয়া হচ্ছে। বাচ্চারা স্কুলে পিকনিক করে রান্না শিখবে। এই রান্নার মধ্যে খাদ্য পুষ্টি…এই রান্না করাটাও যে একটা আর্ট। এর মধ্যে একটি পরিমিতিবোধ থাকতে হয়। অনেক সতর্কতা অবলম্বন করতে হয়—তার সবকিছুই (শিক্ষার্থীরা) শিখবে। আমরা কি পিকনিক করিনি? কাজেই এটা একটা অপপ্রচার করা হচ্ছে। বাড়ি থেকে রান্না করে স্কুলে নিয়ে যাওয়ার কোনো নির্দেশনা নেই। যারা করছেন তাঁরা এটা প্রশ্নবিদ্ধ করার জন্য করছেন।’
মন্ত্রী বলেন, ‘আর্ট পেপার কিনতে হবে…ব্যয়বহুল, এটাও না বোঝার ফল। আর্ট পেপার মোটেও কিনবার কথা নয়। বাড়ির পুরোনো খবরের কাগজ, ক্যালেন্ডার ইত্যাদি ব্যবহার করার কথা বলা হয়েছে। এটাও কিছু শিক্ষক ইচ্ছাকৃতভাবে করাচ্ছেন। আর মোরগ পালন মোটেই করতে হবে না। এখানেও একটি বিভ্রান্তি তৈরি করা হয়েছে।’
আন্দোলনকারীদের পেছনে কতিপয় শিক্ষকদের জড়িত থাকার অভিযোগ করে মন্ত্রী বলেন, ‘আমরা কয়েক জায়গায় মানববন্ধন দেখেছি। আমরা তদন্ত করেছি। সেখানকার স্কুলগুলো জানিয়েছে এই অভিভাবকেরা তাদের অভিভাবক নন। অনেকে কোন অভিভাবকও নয়। এটা হলো মূলত কোচিং ব্যবসায়ী ও নোট গাইড ব্যবসায়ী। তারা দুশ্চিন্তায় পড়েছে, তাদের ব্যবসা হয়তো উঠে যাবে। হাতেকলমে লিখে লিখে পরীক্ষা রাখার অর্থই হচ্ছে আমরা কোচিং ব্যবসাটা চালু রাখতে চাই।’
নতুন জাতীয় শিক্ষাক্রমে পরীক্ষা পদ্ধতি রাখা হয়নি—এ বিষয়টি একেবারেই সত্য নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আগে কেবল ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষা হতো। এখন বরং ধারাবাহিক মূল্যায়ন হয়। প্রতিদিন শিক্ষার্থী কী শিখছে, সে কেমন করে শিখছে, সক্রিয় অংশগ্রহণ করছে কী না—তার সবকিছুর মূল্যায়ন হয়। সেই মূল্যায়ন নভেম্বরের প্রথম সপ্তাহে…এ জন্য অ্যাপস তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষকেরা এটি সহজে করতে পারবেন। এখন ম্যানুয়ালি করতে হচ্ছে বলে একটু সমস্যা হচ্ছে।’
নতুন শিক্ষাক্রম চালুর কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বমানের যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয় সেখানে তফাতটা কোথায়—এটা নিয়ে বারবার আলাপ হয়েছে। সফট স্কিলের জায়গায় আমরা বারবার পিছিয়ে পড়ছি। আমরা কমিউনিকেট করতে পারছি না। আমাদের সূক্ষ্ম চিন্তার দক্ষতা, আমাদের সমস্যা নিরূপণ ও সমাধানের দক্ষতা, আমাদের কোলাবরেশনের দক্ষতা, আমরা দলগতভাবে কাজ করার দক্ষতা—এখন এই কাজটি একবারে শৈশব কৈশোর থেকে রপ্ত করবে। সেটা না করলে একেবারে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেগুলোকে ক্যাপসুল আকারে গিলিয়ে খাওয়ায়ে দিলে সম্ভব হয় না। এর জন্য নতুন শিক্ষাক্রমে এই বিষয়গুলো শেখানো হচ্ছে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
