প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করলেন সহকারী শিক্ষক

ঝালকাঠিঃ জেলার কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) সঞ্জিব কুমার দাস (৪৬)। আদালতের নির্দেশে কাঁঠালিয়া থানায় মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলার চেঁচরী রামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করেন তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ফরাজী। এ মামলায় ২৭ দিন কারাভোগ করেন প্রধান শিক্ষক। পরে মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করে ম্যানেজিং কমিটি। ওই মামলার ৮নং সাক্ষী ছিলেন সহকারী শিক্ষক সঞ্জিব কুমার দাসসহ বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক। মামলার সাক্ষীতে নাম থাকায় ক্ষুব্ধ হয়ে তাদের বেতন-ভাতা বন্ধ রাখেন প্রধান শিক্ষক মেহেদী হাসান। পরে এসব শিক্ষকের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা উৎকোচ নিয়ে তাদের বেতন-ভাতা চালু করেন প্রধান শিক্ষক। এ ছাড়া সাক্ষীদের মধ্যে পাঁচজনকে টাইম স্কেল দেওয়ার কথা বলে আরও ১ লাখ ২০ হাজার টাকা নেন তিনি। এতেও ক্ষান্ত না হয়ে গত ১৮ অক্টোবর এই মামলার বাদী সঞ্জিব দাসকে ডেকে নিয়ে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন প্রধান শিক্ষক। এ নিয়ে তাদের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায় মামলার বাদীকে মারধর করতে উদ্যত হন প্রধান শিক্ষক। এ সময় অন্য শিক্ষকরা সেখানে উপস্থিত হলে বিষয়টি প্রকাশ পায়।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মেহেদী হাসান বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেনকে দুর্নীতি ও নিয়োগ জালিয়াতির কারণে ম্যানেজিং কমিটি প্রথমে সাময়িক এবং পরে চূড়ান্ত বরখাস্ত করে। এ ক্ষোভে তাঁর বিরুদ্ধে সরোয়ার হোসেনের অনুসারী সঞ্জিব কুমার দাসকে দিয়ে এ মিথ্যা মামলা করানো হয়েছে। তিনি জানান, এর আগেও স্থানীয় বাসিন্দা মুন্নী আক্তার ও নাজমা বেগম নামের দুই নারীকে দিয়ে তাঁর বিরুদ্ধে দুটি মামলা করান সরোয়ার হোসেন, যা পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।

থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.