ঢাকাঃ চাকরি রাজস্ব খাতভুক্ত করার দাবিতে আন্দোলনরত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সেসিপ) কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন।
বুধবার (২৫ অক্টোবর) শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা এ ঘোষণা দেন। বৈঠকে মন্ত্রী সেসিপ কর্মকর্তা-কর্মচারীদের দাবি পূরণে আশ্বাস দিয়েছেন।
বৈঠকের পর সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক শামীমা ফেরদৌসির সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সেসিপে কর্মরত এক হাজার ১৮৭ কর্মকর্তা-কর্মচারীর চাকরি রাজস্বখাতে স্থানান্তরের কাজ দ্রুত শেষ করার দাবিতে মাউশি চত্বরে গত ২২ ও ২৩ অক্টোবর সেসিপ কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ অবস্থান কর্মসূচি পালন করে।
এরপর বুধবার শিক্ষামন্ত্রীর বাসভবনে ডা. দীপু মনি ও মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের বৈঠক হয়। সেখানে শিক্ষামন্ত্রী দাবি যৌক্তিক উল্লেখ করে চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেন। মন্ত্রীর আশ্বাস ও প্রতিশ্রুতিতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
